শীতে বাসা-বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার বন্ধ থাকে। তবে ব্যবহারের প্রয়োজন নেই বলে এসিকে অবহেলায় ফেলে রাখলে গরমে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন ব্যবহারকারীরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘ সময় এসি বন্ধ রাখার আগে কিছু সাধারণ রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া অনুসরণ করলে যন্ত্রটি দীর্ঘদিন সচল ও নিরাপদ থাকে।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে এসি ব্যবহার না হলেও সেটি উন্মুক্ত অবস্থায় রাখা উচিত নয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকলে এসির ভেতরে ধুলোবালি, ময়লা ও আর্দ্রতা জমতে থাকে, যা ভেতরের সংবেদনশীল যন্ত্রাংশ নষ্ট করে দিতে পারে।
অনেক সময় দেখা যায়, দীর্ঘ বিরতির পর এসি চালু করলে সেটি ঠিকমতো ঠান্ডা হয় না কিংবা গ্যাস লিকের মতো সমস্যা দেখা দেয়। যথাযথ যত্নের অভাবই এসব সমস্যার প্রধান কারণ।
এসি বন্ধ করার আগে প্রথম কাজ হলো এর ফিল্টারগুলো ভালোভাবে পরিষ্কার করা। ভেতরে জমে থাকা ধুলো বা ছত্রাক পুরোপুরি পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এরপর এসির বাইরের অংশটি একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যাতে কোনো প্রকার আর্দ্রতা অবশিষ্ট না থাকে। ধুলোবালি বা পানির প্রবেশ ঠেকাতে এসিকে পলিথিন বা কাপড়ের কাভার দিয়ে প্যাক করে রাখা অত্যন্ত জরুরি।
ইনডোর ইউনিটের পাশাপাশি আউটডোর ইউনিটের ক্ষেত্রেও প্লাস্টিক কাভার ব্যবহার করা যেতে পারে।
এসি একটি সংবেদনশীল এবং দামি যন্ত্র হওয়ায় এর সঠিক রক্ষণাবেক্ষণ কেবল যন্ত্রটির স্থায়িত্বই বাড়ায় না, বরং আগামী গরমে মেরামতের অতিরিক্ত খরচ থেকেও ব্যবহারকারীকে মুক্তি দেয়। সামান্য সচেতনতা ও যত্নে গরমেও এসি আগের মতোই নিরবচ্ছিন্ন সেবা দিতে সক্ষম হবে।
আরটিভি/এএইচ





